চাটমোহর (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫ ১৮:০১ পিএম
পাবনার চাটমোহরে নয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের শাশুড়ি ও সৎ ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে চাটমোহর উপজেলার আটলঙ্কা বউবাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের নাম শাপলা খাতুন (৩০)। তিনি সৌদি প্রবাসী মনজিল হোসেনের স্ত্রী। নিহত শাপলা নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
আটকরা হলেন- নিহতের শাশুড়ি মনোয়ারা খাতুন (৬৫) ও স্বামীর প্রথম পক্ষের ছেলে শিপন হোসেন (২০)।
স্থানীয়রা জানান, তিন বছর আগে কুযাবাসী গ্রামের সাইদুল ইসলামের মেয়ে শাপলাকে বিয়ে করেন মনজিল হোসেন। এর আগে তিনি তিনটি বিয়ে করেছিলেন। বিদেশে থাকার কারণে শাপলাকে সংসারে একা সংগ্রাম করতে হতো। এদিকে সৎ ছেলে শিপন শুরু থেকেই তাকে মেনে নেননি। প্রায়ই নির্যাতন করতেন এবং কয়েক মাস আগে তাকে বাড়ি থেকে বের করে দেন। সম্প্রতি স্থানীয়দের মধ্যস্থতায় শাপলাকে আবারও স্বামীর ঘরে তোলা হলে শিপন খোলাখুলিভাবে হত্যার হুমকি দেন। শুক্রবার সকালে শাপলার মরদেহ ঘরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহতের গলায় আঘাতের চিহ্ন থাকায় শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠে। পরে পালিয়ে যাওয়ার সময় শাশুড়ি ও সৎ ছেলেকে আটক করে স্থানীয়রা।
নিহতের মা নাজমা খাতুন বলেন, ‘মেয়েটা ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিল। ডাক্তারও বলেছিলেন কয়েকদিনের মধ্যে সন্তান হবে। কিন্তু তার আগেই ওরা মেয়েটাকে মেরে ফেলল। আমরা এ হত্যার কঠিন বিচার চাই।’
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।গ্রেপ্তার শাশুড়ি ও সৎ ছেলেকে থানায় হেফাজতে রাখা হয়েছে। মামলা দায়েরের পর তাদের শনিবার আদালতে সোপর্দ করা হবে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।