পার্বতীপুর (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫ ১৬:১৯ পিএম
দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনখ্যাত ও খনিজসম্পদে সমৃদ্ধ উপজেলাটি ৪ লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবা প্রদানে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। এ কমপ্লেক্সের ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে বর্তমানে রয়েছে চিকিৎসক সংকট। ফলে, সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার মানুষ।
জানা গেছে, পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসক (মেডিকেল অফিসার) বরাদ্দ রয়েছে ১৯ জন, এর মধ্যে আছে মাত্র ৭ জন। তবে, ২ জন অন ডেপুটিশনে অন্যত্র আছেন। বর্তমানে ৫ জন মেডিকেল অফিসার এখানে কর্মরত রয়েছেন। মেডিকেল অ্যাসিসট্যান্ট বরাদ্দ রয়েছে ১৫ জন, কর্মরত আছে ৭ জন। তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরও সংকট রয়েছে। এ স্বল্পসংখ্যক চিকিৎসক দিয়ে লাখ লাখ মানুষের চিকিৎসা সেবা প্রদান করতে গিয়ে এলাকার মানুষ সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে।
৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ইনডোর ছাড়াও আউটডোরে ছুটির দিন ব্যতীত প্রতিদিনই ৩/৪ শ’ রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে। তারপর রয়েছে জরুরি বিভাগও। যেখানে সব সময় চিকিৎসক থাকতে হয়। এছাড়াও একজন চিকিৎসক আরএমও এর দায়িত্ব পালন করে থাকেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রশাসনিক দায়িত্ব পালনে ব্যস্ত থাকতে হয়। সব মিলিয়ে বর্তমানে চিকিৎসক সংকট চরমে।
পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল রেজওয়ান চিকিৎসক সংকটের সত্যতা নিশ্চিত করে বলেন, শুধু এখানেই নয় অন্যান্য স্থানেও একই অবস্থা। তারপরও আমরা স্বল্পসংখ্যক চিকিৎসক দিয়েই এলাকার মানুষের স্বাস্থ্যসেবা প্রদানে সচেষ্ট রয়েছি।