বেনাপোল প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫ ১৪:৩৬ পিএম
নিহত মিজানুর রহমান। ছবি: সংগৃহীত
যশোরের বেনাপোল পৌর এলাকায় মিজানুর রহমান (৩৮) নামে এক কসাইকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মিজানুরের ব্যবহৃত ছুরি দিয়েই গলা কেটে তাকে হত্যা করেছে। তিনি বেনাপোল পৌরসভার ছোট আঁচড়া গ্রামের হানিফ সরদারের ছেলে।
স্বজনরা বলেন, বৃহস্পস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে গরু জবাই করতে যাওয়ার কথা ছিল মিজানুরের। ওই রাতে এক ভ্যানচালক বাড়ির প্রাচীরের বাইরে থেকে ডাকাডাকি করে। এ সময় মিজানুরের স্ত্রী ঘুম থেকে উঠে দেখতে পায় বাড়ির উঠানে গলা কাটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তার স্বামী।পুলিশ খবর পেয়ে পরে তার মরদেহ উদ্ধার করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, বৃহস্প্রতিবার দিবাগত মধ্যরাতে ওই যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো চাকু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে, হত্যার ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।