নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫ ১১:২৭ এএম
নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়
দীর্ঘ সাত বছর পর গণতান্ত্রিক পদ্ধতিতে জমজমাটভাবে অনুষ্ঠিত হলো নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত জেলার আইনজীবীরা ভোট দেন।
২০১৮ সালের পর সমিতিতে এ ধরনের প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন আর অনুষ্ঠিত হয়নি। আইনজীবীদের ভাষ্যমতে এবারের নির্বাচন আদালত পাড়ায় স্মরণীয় হয়ে থাকবে। কারণ পূর্ববর্তী আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের সময় ভোট কারচুপি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ছিল ব্যাপক। কিন্তু সরকার পরিবর্তনের পর এবার প্রথমবারের মতো মুক্ত ও সুষ্ঠু পরিবেশে ভোট হয়েছে।
এবারের নির্বাচনে তিনটি প্যানেল থেকে মোট ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন ১৭টি পদে। মোট ভোটার ছিলেন ১১৭২ জন। প্রকাশিত ফলে দেখা যায়, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নীল প্যানেল নিরঙ্কুশ জয় লাভ করেছে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৭টির মধ্যে ১৬টি পদে জয় পেয়েছেন তারা।
বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া নির্বাচনী এ ফলাফল ঘোষণা করেন। এতে বিএনপিপন্থী প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির পেয়েছেন ৬০০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতপন্থী প্যানেলের সভাপতি এ হাফিজ মোল্লা পেয়েছেন ৩০৬ ভোট। বিএনপিপন্থী প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান পেয়েছেন ৭১৮ ভোট। তার বিপরীতে জামায়াতপন্থী প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মো. মাঈন উদ্দিন মিয়া পেয়েছেন ১২৮ ভোট।
নির্বাচনে অন্য পদে বিজয়ীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি কাজী আ. গাফ্ফার (ভোট ৬৯৭), সহ-সভাপতি সাদ্দাম হোসেন (ভোট ৫৫৫), যুগ্ম সম্পাদক ওমর ফারুক নয়ন (ভোট ৬৭৫), কোষাধ্যক্ষ শাহাজাদা দেওয়ান (ভোট ৬৫৫), আপ্যায়ন সম্পাদক মাইন উদ্দিন রেজা (ভোট ৭৯৭), লাইব্রেরি সম্পাদক হাবিবুর রহমান (ভোট ৫৯০), ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম (ভোট ৬৪৫), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সারোয়ার জাহান (ভোট ৫৭২), সমাজসেবা সম্পাদক রাজিব মন্ডল (ভোট ৬০০), আইন ও মানবাধিকার সম্পাদক মামুন মাহমুদ (ভোট ৫৮৫)।
সদস্য পদে বিজয়ীরা হলেন, ফাতেমা আক্তার সুইটি (ভোট ৬৯৭), দেওয়ান আশরাফুল (ভোট ৭৩৪), তেহসিন হাসান দিপু (ভোট ৫৭৪), আবু রায়হান (ভোট ৬৯৪)। জামায়াত সমর্থিত প্যানেল থেকে একমাত্র সদস্য পদে আফরোজা জাহান ৫২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।