রাজশাহী অফিস
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ ২২:৫৯ পিএম
প্রতীকী ফটো
রাজশাহীর পবা উপজেলার ছোট ভালাম এলাকায় আফি খাতুন (৫৫) নামে এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম মো. রকি (২২)। তিনি আফি খাতুনের বড় ভাইয়ের ছেলে। রকি মাদকাসক্ত বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, রকি তার ফুপু আফি খাতুনের কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে রকি কয়েকদফা তার ফুপুর গলায় ছুরি চালান। ফলে ঘটনাস্থলেই আফি খাতুন মারা যান। এ ঘটনার পর স্থানীয়রা রকিকে ধাওয়া দিয়ে আটকের চেষ্টা করে। তবে রকি পালিয়ে যান।
এলাকাবাসী জানান, রকি মাদকাসক্ত ছিলেন। কোনো কাজ করতেন না। এলাকায় চুরিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আর আফি খাতুন অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।