রাজশাহী অফিস
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ ২২:১৮ পিএম
প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবি আদায়সহ ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদের বিচার দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা মশাল মিছিল করেছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত আটটার দিকে রুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এই মিছিল শুরু হয়।
মিছিল নিয়ে প্রশাসন ভবনের সামনে গিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্র উপদেষ্টা প্রফেসর রবিউল ইসলাম সরকার। পরে মিছিল নিয়ে শিক্ষার্থীরা তালাইমারি মোড়ে অবস্থান নেন। শিক্ষার্থীদের উপস্থিতিতে রাজশাহী-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ১০ মিনিট পর মিছিল নিয়ে শিক্ষার্থীরা রুয়েটে ফিরে যান। এসময় তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন।
এদিকে একই দাবিতে রাবির শিক্ষার্থীরা রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিট থেকে ঘণ্টাব্যাপী চলে এই বিক্ষোভ।