নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ ২২:১০ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দাবি করা দুই লাখ টাকা চাঁদা না পেয়ে মসজিদের ইমাম ও তার স্ত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে আহত ইমাম তিনজনের নাম উল্লেখ এবং তিন-চারজন অজ্ঞাতপরিচয়কে আসামি করে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলো, রিফাত (২৭), তার বাবা শাহ আলম (৬০) ও মা পারভীন আক্তার (৪৫)।
ভুক্তভোগী ও পুলিশ জানিয়েছে, পৌরসভার বাসিন্দা ও কুমিল্লার মেঘনা উপজেলার চিশতিয়া নিজামিয়া দরবার শরিফ জামে মসজিদের ইমাম খোরশেদ আলমের সঙ্গে তার প্রতিবেশী শাহ আলমের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। সম্প্রতি উভয় পরিবারের বাড়ির সামনে দিয়ে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে অভিযুক্ত শাহ আলমের ছেলে রিফাত ইমামের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। সেই টাকা না পেয়ে বুধবার দুপুরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা ভুক্তভোগী স্বামী-স্ত্রীর ওপর হামলা চালায়। হামলায় ইমাম ও তার স্ত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত ইমাম খোরশেদ আলম জানান, ‘দীর্ঘদিন ধরে শাহ আলম আমাদের পরিবারকে অন্যায়ভাবে জুলুম করে আসছে। বাড়ির পাশ দিয়ে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে আমার কাছে রিফাত দুই লাখ টাকা দাবি করেন। সেই টাকা না দেওয়ায় আমাদের মারধর করা হয়।’
অভিযুক্ত রিফাত চাঁদার বিষয়টি অস্বীকার করে বলেন, জমি সংক্রান্ত বিরোধে ধস্তাধস্তি হয়েছে। চাঁদার কোনো বিষয় নয়।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।