খুলনা অফিস
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ ২১:৪৯ পিএম
মিজানুর রহমান মিজান।
খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মিজানুর রহমান মিজানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে খুলনার অতিরিক্ত সিএমএম আদালতের বিচারক মো. আনিসুর রহমান এ নির্দেশ দেন।
এর আগে বুধবার সন্ধ্যায় কারাগারের ফটকের সামনে থেকে তাকে তুলে নেয় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে রয়্যাল মোড়ের ফ্যাশন জোন বাই লিন্ডা নামের দোকানে হামলার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
আদালত সূত্র জানা গেছে, ২০২৪ সালের ১৬ জানুয়ারি খুলনা শহরের রয়্যাল মোড়ে অবস্থিত ফ্যাশন জোন বাই লিন্ডা নামের দোকানে হামলা চালায় আসামিরা। দোকানে প্রবেশ করে তারা চাঁদা দাবি করে এবং কর্মচারী আলভী হাসান নোভাকে হুমকি দিয়ে বলে ৫ লাখ টাকা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না। চাঁদা না দেওয়ায় আসামিরা অস্ত্রের ভয় দেখিয়ে ক্যাশ থেকে ২ লাখ টাকা লুট করে। একই সঙ্গে সাবেক এমপি মিজানুর রহমান মিজানসহ অন্যান্য আসামি দোকান থেকে প্রায় ৮০ হাজার টাকার কসমেটিকস ও পোশাক লুট করে নেয়। যাওয়ার সময় তারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে দোকান মালিক বাদী হয়ে খুলনা থানায় মামলা দায়ের করেন।
উল্লেখ্য, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চলতি বছরের ৩০ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৩ মিজানুর রহমান মিজানকে ৮ বছরের কারাদণ্ড দেন। এর বাইরে খুলনার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আরও অন্তত চারটি মামলা রয়েছে। গত বছরের ২৮ জুলাই একদফা আন্দোলন চলাকালে খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের হওয়া মামলায়ও তিনি আসামি। এ মামলায় চলতি বছরের ২৯ মে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
সর্বশেষ, গত বুধবার চারটি মামলায় জামিন পেয়ে তিনি মুক্তির অপেক্ষায় ছিলেন। তবে কারাগারের ফটকেই ডিবি পুলিশ তাকে পুনরায় গ্রেপ্তার করে। বৃহস্পতিবার আদালতে সোপর্দ করার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।