চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ ২১:৩২ পিএম
কুমিল্লার চৌদ্দগ্রামে এক ব্যতিক্রমী উদ্যোগে একদিনে ১৫ হাজার গাছ রোপণ করেছে শিক্ষার্থীরা। প্রতিটি গাছে ঝুলছে নেমপ্লেট, যেখানে লেখা রয়েছে রোপণকারী শিক্ষার্থীর নাম, শ্রেণি, রোল ও গাছের প্রজাতির তথ্য। বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় শিক্ষার্থীরাই নিজেদের রোপণ করা গাছের পরিচর্যার দায়িত্ব নেবে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) উপজেলার ১৩টি ইউনিয়নের প্রতিটিতে ১ হাজার ও পৌরসভায় ২ হাজার করে মোট ১৫ হাজার চারা গাছ রোপণ করা হয়। এতে অংশ নেয় মাধ্যমিক পর্যায়ের ১১১টি এবং প্রাথমিক পর্যায়ের ১৭০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শিক্ষার্থীরা নিজ হাতে গাছ রোপণ করে।
ফালগুনকরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী উম্মে ছুবাইতা ও তালহা বিন হোসেন বলেন, বিদ্যালয় আঙিনায় নিজ নামে গাছ রোপন করতে পেরে আমরা আনন্দিত। এখন আমার নিজের নামে রয়েছে একটি গাছ, সেটা আমিই যত্ন করবো।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, যে শিক্ষার্থী গাছ রোপন করেছে, তিনি শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়ার সময় গাছের যত্ন নিবে। শিক্ষকগণ সুবিধাজনক সময়ে তদারকি করবে। এরই মাধ্যমে ভবিষ্যত প্রজন্ম যত্নবান হতে শিখবে, দায়িত্বশীল হবে এবং মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হয়ে উঠবে। এছাড়াও সহপাঠীদের মাঝে সুস্থ্য প্রতিযোগিতা তৈরি হবে এবং সৃষ্টি সুখের উল্লাসে মানসিকভাবে প্রফুল্ল থাকবে।