রংপুর অফিস
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ ১৮:২৬ পিএম
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে দালালের দৌরাত্ম, অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, বকশিসের নামে চাঁদাবাজির একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) মেজর আব্দুল মালেকের নেতৃত্বে রংপুর সেনাবাহিনীর আভিযানিক দল ৩০ ইস্ট বেঙ্গল এ অভিযান পরিচালনা করে। এসময় রমেক হাসপাতালের মেডিসিন বিভাগ, শিশু বিভাগ, জরুরী বিভাগ এবং আইসিইউতে ভর্তি রোগীর স্বজনদের সঙ্গে বিভিন্ন অভিযোগ নিয়ে কথা বলেন সেনাবাহিনীর সদস্যরা। এছাড়াও অ্যাম্বুলেন্স চালকদের সঙ্গেও সিন্ডিকেট নিয়ে কথা বলেন মেজর আব্দুল মালেক।
মেজর আব্দুল মালেক সাংবাদিকদের বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বেড দেওয়ার বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগ এসেছে। কিছু দালালচক্র রয়েছে, যারা অ্যাম্বুলেন্সে বেশি ভাড়া আদায় করে, হাসপাতালের সামনে রিক্সা চালকদেরও একটি সিন্ডিকেট তৈরি হয়েছে। এছাড়াও চিকিৎসা শুরুর আগেই কমিশনের লোভে কিছু অসাধু ব্যক্তি হাজার হাজার টাকার ডায়ানস্টিক পরীক্ষার তালিকা রোগীর স্বজনদের হাতে তুলে দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এছাড়াও কর্তব্যরত চিকিৎসকদের মাধ্যমে জানতে পেরেছি, হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রাংশের ঘাটতি রয়েছে।
তিনি আরও বলেন, এর আগেও রমেক হাসপাতালে আমরা অভিযান চালিয়েছি। দালালদের গ্রেপ্তার করেছি। যার ফলে দালালচক্রের উপদ্রব কিছুটা হলেও কমেছে। তবে এ চক্রকে নির্মূল করতে হলে নিয়মিত অভিযান চালিয়ে যেতে হবে। তাই আমরা দালালচক্রের বিষয়ে তথ্য চেয়ে রংপুরবাসীর কাছে সহযোগিতা কামনা করছি।
এসময় হাসপাতালে আসা সেবাপ্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, রংপুর মেডিকেল হাসপাতাল নিয়ে যেকোনো অভিযোগ থাকলে শুধু আমাদের কাছে পৌঁছে দিন। বাকিটা সেনাবাহিনী দেখে নেবে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের সেবা নিশ্চিতে হাসপাতালে কর্তব্যরতদের সতর্ক করে সেনাবাহিনী। এছাড়াও দালাল চক্র ও সিন্ডিকেটের বিরুদ্ধে সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।