বাঘা (রাজশাহী) প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ ১৫:৪৫ পিএম
সাবেক মেয়র মুক্তার আলী
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার সাবেক মেয়র মুক্তার আলীর বিরুদ্ধে পৌর তহবিল থেকে নিয়মবহির্ভূতভাবে তেল খরচ ও ভুয়া নিয়োগ দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৭ আগস্ট) দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ে উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান বাদী হয়ে মামলাগুলো করেন।
দুদকের অভিযোগপত্রে বলা হয়, মেয়র থাকাকালে ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন ৭ লিটার জ্বালানি তেলের খরচ পৌর তহবিল থেকে উত্তোলন করেন মুক্তার আলী। ওই সময়ে পৌরসভায় কোনো সরকারি গাড়ি না থাকলেও তিনি নিজের প্রাইভেট কারের নামে মোট ১৩ হাজার ৫৫ লিটার তেলের বিল দেখিয়ে পৌর তহবিল থেকে ১২ লাখ ৫৪ হাজার ৫৮৫ টাকা নেন। এছাড়া আরও ১ লাখ ৯৭ হাজার ৪১৫ টাকা অগ্রিম নিলেও এর কোনো ভাউচার জমা দেননি।
দুদক জানায়, নিয়ম অনুযায়ী ব্যক্তিগত গাড়ি অফিসিয়াল কাজে ব্যবহার করলে তা অনুমোদন নিতে হয় এবং নির্ধারিত পরিমাণ তেল পাওয়া যায়। কিন্তু মুক্তার আলী অনুমোদন ছাড়াই টাকা তুলেছেন এবং কোনো লগবুক সংরক্ষণ করেননি।
এছাড়া তিনি মেয়র থাকাকালে নুরুজ্জামান নাইম, শামীম আহাম্মেদ, মোস্তাফিজুর রহমান, সঞ্জিব কুমার সাহা ও আবু সাঈদ নামে পাঁচজনকে দৈনিক মজুরিভিত্তিক পরিচ্ছন্ন কর্মী হিসেবে নিয়োগ দেখান। প্রত্যেকের মাসিক বেতন দেখানো হয় ৯ হাজার টাকা করে। তবে বাস্তবে কাউকেই নিয়োগ দেওয়া হয়নি। ভুয়া নিয়োগ দেখিয়ে তিনি পৌর তহবিল থেকে ৪ লাখ ৪৮ হাজার টাকা উত্তোলন করেন।
দুদকের সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, ভুয়া নিয়োগ ও তেলের নামে অর্থ আত্মসাৎ দণ্ডবিধির ৪০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭–এর ৫(২) ধারার আওতাভুক্ত অপরাধ। এজন্য আদালতে তার বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।
আড়ানী পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তার আলী চলতি বছরের ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। বর্তমানে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আছেন।