জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ ১৫:১৫ পিএম
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে ফুটপাত দখল করে গড়ে ওঠা অন্তত ৪০টি অবৈধ দোকানপাট উচ্ছেদ। প্রবা ফটো
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে ফুটপাত দখল করে গড়ে ওঠা অন্তত ৪০টি অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এ সময় পাঁচ ব্যবসায়ীকে দুই হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিনসহ জগন্নাথপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ভাসমান দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করছিল ক্ষুদ্র ব্যবসায়ীরা। এতে শহরে যানজট তৈরি হচ্ছিল এবং পথচারীরা ভোগান্তিতে পড়ছিলেন। জনদুর্ভোগ নিরসনে প্রশাসন টিঅ্যান্ডটি রোড, জগন্নাথপুর বাজারের সবজি বাজার, বড় গলি ও ইকড়ছই মাদরাসা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা সরিয়ে দেয়।
জগন্নাথপুরের ইউএনও মো. বরকত উল্লাহ বলেন, পথচারীদের ভোগান্তি কমাতে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।