নীলফামারী প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ ২০:৫৪ পিএম
প্রতীকী ফটো
নীলফামারী সদরের পলাশবাড়ী ইউনিয়নের হরতকীতলা মোড়ে সড়ক দুর্ঘটনায় মারুফা বেগম (৪৩) নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন।
বুধবার (২৭ আগস্ট) বিকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত মারুফা বেগম ছোট রাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তিনি পশ্চিম বোড়াগাড়ী চান্দিনা পাড়া এলাকার বাসিন্দা এবং ডোমার বালিকা বিদ্যা নিকেতন (সরলা স্কুল)-এর প্রধান শিক্ষক ওমর ফারুকের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে স্বামী-স্ত্রী মোটরসাইকেলযোগে নীলফামারী শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হরতকীতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা দুজনেই ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান মারুফা বেগম। গুরুতর আহত ওমর ফারুককে স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ট্রাকসহ চালককে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়।
নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।