নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ ২০:৩৮ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫ ২০:৪১ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাসেল হত্যা মামলার ঘটনায় সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলেসহ ৩৪ জনকে অভিযুক্ত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় করা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ। গত মঙ্গলবার বিকালে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
অভিযোগপত্রে উল্লিখিত ব্যক্তিরা হলেনÑ সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, অয়ন ওসমানের শ্বশুর ফয়েজ উদ্দিন লাভলু, শামীম ওসমানের শ্যালক তানভীর রহমান টিটু, অ্যাডভোকেট খোকন সাহাসহ মোট ৩৪ জন।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ২৭ আগস্ট নারায়ণগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত হোসিয়ারি শ্রমিক রাসেল হত্যা মামলার এজাহারনামীয় আসামি ছিলেন ১৫ জন। এ ছাড়া মামলায় অজ্ঞাত আসামি উল্লেখ করা হয়েছিল ১০০ থেকে ১৫০ জনকে।
পিবিআই এসপি জানান, এজাহারনামীয় ১৫ আসামির পাশাপাশি তদন্তে প্রমাণ পাওয়ায় আরও ১৯ জনকে অভিযুক্ত করে চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে।