দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ ২০:১৭ পিএম
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে খাসিয়ামারা নদীকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি ও ইজারাকৃত বালু মহাল পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ডা. মো.ইলিয়াস মিয়া।
বুধবার (২৭ আগস্ট) বিকালে লক্ষ্মীপুর ইউনিয়নের খাসিয়ামারা নদী, রাবারড্রাম, লিয়াকতগঞ্জ, বাংলাবাজার মাদ্রাসাসহ নদীর তীরবর্তী আশপাশ এলাকা পরিদর্শন করেন তিনি।
এ সময় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধে নিষেধাজ্ঞা জারি করেন এবং রাবারড্রামের দুপাশে নিরাপত্তার জন্য বাঁশের ব্যারিকেট দেওয়ার নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক ডা. মো. ইলিয়াস মিয়া বলেন, খাসিয়ামারা নদীতে কোনোভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। ইজারাদারকে নিষেধ করা হয়েছে আগামী এক সপ্তাহের ভেতরে ড্রেজার মেশিনগুলো সরিয়ে নেওয়ার জন্য। খাসিয়ামারা নদীতে ইজারাদার কর্তৃক নীতিমালার বহির্ভূতভাবে বালু উত্তোলন করার কোনো সুযোগ নেই। এলাকার স্থাপনা, চলাচলের সড়ক ও ফসলি জমি থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বালু উত্তোলন করতে হবে। বালু উত্তোলনের ফলে রাবারড্রামের ক্ষতির বিষয়ে তিনি বলেন, খাসিয়ামারা নদীতে বালু উত্তোলনের ফলে রাবারড্রামের ক্ষতির বিষয়টি তদন্ত করার জন্য এলজিইডিকে বলা হয়েছে। ক্ষতি হয়ে থাকলে ইজারাদারকে রাবারড্রামের ক্ষতিপূরণ দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ ( ওসি) জাহিদুল হক, এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদসহ এলাকার স্থানীয় সাধারণ মানুষ।