গুরুদাসপুর (নাটোর) প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ ২০:১২ পিএম
নাটোরের গুরুদাসপুরে আইন অমান্য করে ভুয়া কাগজ তৈরি করে বাল্যবিয়ে পড়ানোর অপরাধে গুরুদাসপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাজী আব্দুল লতিফকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় পৌর সদরের কামারপাড়া এলাকায় ওই কাজীর বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ অপরাধ স্বীকার করায় ওই রায় দেন। কাজী লতিফকে থানা হাজতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) তাকে নাটোর কারাগারে প্রেরণ করা হবে।
স্থানীয়রা জানান, বাল্যবিয়ে পড়ানোর পর দেনমোহর কমানো-বাড়ানোসহ ভুয়া রেজিস্ট্রার তৈরি করার অভিযোগও রয়েছে কাজী লতিফের বিরুদ্ধে।
উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী শফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে তিনি বাল্যবিয়ে পড়ানোসহ নানা ধরনের অনিয়ম করে আসছিলেন।
ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, এই ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।