× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লা-সিলেট মহাসড়ককে চার লেনের দাবিতে সড়ক অবরোধ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ ২০:০৮ পিএম

কুমিল্লা-সিলেট মহাসড়ককে চার লেনের দাবিতে সড়ক অবরোধ

কুমিল্লা-সিলেট মহাসড়ককে দ্রুত চার লেনে উন্নীত করার দাবিতে এলাকাবাসীর উদ্যোগে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় মুরাদনগরের কোম্পানীগঞ্জ ও দেবিদ্বার এলাকায় এ কর্মসূচি পালিত হয়। সড়ক অবরোধ কর্মসূচিতে ছাত্র-জনতা, স্থানীয় বাসিন্দা, পরিবহন শ্রমিক এবং ব্যবসায়ীরা অংশ নেন। বিক্ষোভকারীরা মহাসড়কে ব্যানার-প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে অবিলম্বে সড়কটি প্রশস্ত ও উন্নত করার জোর দাবি জানান। 

তারা বলেন, মহাসড়কের সরু ও ভাঙাচোরা অবস্থা এবং যানজটের কারণে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে, প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ। বিক্ষোভে অংশ নেওয়া কাজী হাসান বলেন, এ মহাসড়কটি প্রতিদিন হাজার হাজার যানবাহনের চাপ সামলাচ্ছে। কিন্তু সড়কটির প্রশস্ত না হওয়ায় দুর্ঘটনা বেড়েই চলেছে। আমরা দ্রুত চার লেন করার দাবি জানাচ্ছি।

আরেক বিক্ষোভকারী কাজী নাছির বলেন, স্কুলে যাওয়া-আসার পথে বাচ্চারা প্রতিদিন ঝুঁকির মুখে থাকে। এ সড়ক প্রশস্তকরণ ছাড়া নিরাপদ চলাচল সম্ভব নয়, হাইওয়ে পুলিশ শুধু নামমাত্র দায়িত্ব পালন করে। তারা অবৈধ সিএনজি ও রুট পারমিট মেয়াদোত্তীর্ণ গাড়িগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে দুর্ঘটনা ও যানজটে নাকাল সড়ক।

বিক্ষোভের কারণে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও প্রশাসনের আশ্বাসে বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। উল্লেখ্য কদিনে কুমিল্লা-সিলেট মহাসড়কে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। সর্বশেষ বুড়িচং উপজেলার ময়নামতি, কংসনগর, দেবিদ্বার উপজেলার চরবকার, বাড়েরা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে।

বিক্ষোভকারীরা দ্রুত চার লেনের কাজ শুরু না হলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর একনেক সভায় কুমিল্লার ময়নামতি থেকে ব্রাহ্মণবাড়িয়ার ধরখার পর্যন্ত চার লেন মহাসড়ক প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

এ মহাসড়কের অনুমোদিত প্রকল্প ব্যয় ৭ হাজার ১৮৮ কোটি ৬৬ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকারের দেওয়া ৪ হাজার ৩৭৮ কোটি টাকা। অন্যদিকে ভারত সরকারের ২ হাজার ৮১০ কোটি ৬৫ লাখ টাকা ঋণ সহায়তা দেওয়ার কথা। প্রকল্পের অনুমোদিত মেয়াদ নির্ধারণ করা হয় ২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও সড়কে গাছকাটা ছাড়া দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এরই মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকারের পটপরিবর্তনের পর এ প্রকল্পের ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারী গত ১০ আগস্ট বাংলাদেশ ছেড়ে চলে গেলে প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে কুমিল্লা সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফ বলেন, সড়কের কাজ হবে। ফান্ড সমস্যার কারণে বিলম্ব হচ্ছে। ভারত যেই ঋণ সহায়তা দেওয়ার কথা ছিল তা পাওয়া যায়নি। এখন অন্যদিকে ফান্ড খোঁজা হচ্ছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা