নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ ২০:০০ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫ ২০:২৯ পিএম
‘নির্বাচন যদি চান, শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে। সহিংসতা হলেই নির্বাচন ব্যাহত হবে। পরিবেশ নষ্ট হলে নির্বাচন কঠিন জায়গায় চলে যাবে।’ বুধবার (২৭ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মানিকনগরে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দ্বায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা শারমিন এস মুরশিদ।
তিনি বলেন, আগামী দিনগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমরা নির্বাচনমুখী হতে যাচ্ছি, তাই সবার কাছে অনুরোধ থাকবে নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো সহিংসতা না হয়।
দেশের দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, আমরা একটি রাষ্ট্র পেয়েছি যেখানে কোনো টাকা ছিল না, কোনো সিস্টেম ছিল না। দুর্নীতি এমন স্তরে পৌঁছেছিল যে অল্প সময়ে তা দূর করা সম্ভব নয়। মানুষ যেমন ভালোবেসে অধ্যাপক মুহাম্মদ ইউনুসকে নিয়ে এসেছেন, তেমনি এক বছরেই ধৈর্য্য হারালে ১৫-১৬ বছরের দুর্নীতি-অনিয়ম কীভাবে শুধরানো সম্ভব।
উপদেষ্টা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ঢাকার রাস্তায় ঢেউয়ের পর ঢেউ জনসমুদ্র মুক্তির আহ্বানে মেতে উঠেছিল। সেদিন মনে হয়েছিল স্বয়ং ফেরেশতা নেমে এসেছে। সময় বদলে গেছে, তাই রাজনীতিকেও পাল্টাতে হবে। আমরা চলে যাব, কিন্তু রাজনৈতিক দলগুলো যেন মিলে-মিশে জনগণকে একটি নিয়মতান্ত্রিক নির্বাচন উপহার দেয়, এটাই আমাদের প্রত্যাশা।
মতবিনিময় সভায় বাংলাদেশ হাইওয়ের পুলিশের ডিআইজি(পূর্ব বিভাগ)মোহাম্মদ হাবিবুর রহমান খাঁন,নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমান এবং প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি উপস্থিত ছিলেন।