চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ ১৭:১৭ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫ ১৭:১৭ পিএম
চট্টগ্রামের সাতকানিয়ায় পরিবহনের সময় ৮০ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সকাল ৭টার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশের একটি দল চট্টগ্রামে কক্সবাজার মহাসড়কের কেউচিয়া ইউনিয়নের বটতলা এলাকায় কাভার্ড ভ্যান আটক করে তল্লাশি চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ সময় পাচারকারী মো. হাসান (২৭), পিতা ইউসুফ মাঝি, থানা টঙ্গী এরশাদ নগর, গাজীপুর এবং আব্দুল কুদ্দুস (৩০), পিতা আনোয়ারুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের এনায়েতপুর ইউনিয়নের দায়মপুর গ্রাম থেকে দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাহেদুল ইসলাম। তিনি প্রতিদিনের বাংলাদেশ’কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে এসব ইয়াবা ট্যাবলেট ও পাচারকারীসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। আটককৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকা। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।