কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ ১৬:৫৬ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫ ১৬:৫৯ পিএম
মাত্র তিন দিনের ব্যবধানে কুয়াকাটা সমুদ্রসৈকতে ফের ভেসে এলো অজ্ঞাত আরও এক ব্যক্তির মরদেহ। বুধবার (২৭ আগস্ট) চর ধূলাসার এলাকার ভাঙ্গা নামক জায়গা থেকে সাগরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
গত মঙ্গলবার রাত ৮টার দিকে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থল স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
এ সময় কালো টি-শার্ট ও কালো হাফপ্যান্ট পরিহিত অবস্থায় ছিল অজ্ঞাত ওই ব্যক্তি। মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি এখনও।
এর আগে গত ২৩ আগস্ট সৈকতের গঙ্গামতি এলাকা থেকে অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধার করা হয়।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, জাতীয় জরুরি সেবা-৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে ধূলাসার এলাকা থেকে অর্ধগলিত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরনে কালো গেঞ্জি ও হাফপ্যান্ট ছিল।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।