সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ ১৬:৩৮ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫ ১৬:৪৮ পিএম
মাছের ঘেরে নিখোঁজের ৪ দিন পর মিলল নির্মাণ শ্রমিকের অর্ধগলিত মরদেহ। বুধবার (২৭ আগস্ট) সকালে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাজিরহাট কলেজের সামনের একটি মৎস্য ঘের থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ইমরান হোসেন (২৭) কেরালকাতা গ্রামের ছদর উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন। তার দুই স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ইমরানের দুই স্ত্রী ছিল। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। তিন দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। বুধবার সকালে মাছের ঘেরে লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, গত ২৪ আগস্ট থেকে ইমরান হোসেন নিখোঁজ হলে ২৬ আগস্ট সকালে পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরিও করা হয়েছিল। বুধবার সকালে স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু সেটা নিয়ে তদন্ত চলছে। রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।