কুমিল্লা অফিস
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ ১২:৩৯ পিএম
কুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করন ও দ্রুত সংস্কারের দাবিতে অবরোধ। প্রবা ফটো
কুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করন ও দ্রুত সংস্কারের দাবিতে কুমিল্লার ময়নামতি থেকে কংশনগর পর্যন্ত বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মহাসড়ক সংলগ্ন এলাকার বাসিন্দারা।
কুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ ও দ্রুত সংস্কারের দাবিতে কুমিল্লার ময়নামতি থেকে কংশনগর পর্যন্ত ৯টি পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী এ অবরোধ চলাকালে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তা ও জেলা পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মহাসড়কটি চার লেনে উন্নীত করার প্রস্তাব থাকলেও এখনো কাজ শুরু হয়নি। পাশাপাশি সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হলেও নিয়মিত সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না। এতে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। সংকীর্ণ সড়কের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, প্রাণহানি ও অঙ্গহানির শিকার হচ্ছেন মানুষ। দ্রুত সংস্কার ও চার লেনে উন্নীত না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
দেবপুর এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে আসেন সওজের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা ও বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক। তারা আশ্বাস দেন, শিগগিরই সংস্কার কাজ শুরু হবে।
এ সময়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, কুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণের বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে সংস্কারের কাজ দ্রুতই শুরু করা হবে।