মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫ ২০:২২ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫ ২০:৩৩ পিএম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে অবমাননা, হত্যার হুমকি এবং তার বাসার সামনে মব সন্ত্রাসী তাণ্ডবের প্রতিবাদে কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত সোমবার বিকালেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে অষ্টগ্রাম উপজেলা সদরে পরিষদ মাঠ থেকে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামতলি মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ‘মুক্তিযুদ্ধের ফজলু ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘মুক্তিযুদ্ধের শক্রুরা হুঁশিয়ার সাবধান’, ‘ফজলু ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘ফজলু ভাইয়ের ভয় নাই, আমরা আছি তোমার পাশে’ এ ধরনের স্লোগান প্রদান করেন।
সমাবেশে বক্তারা বলেন, ফজলুর রহমান একজন সাহসী মুক্তিযোদ্ধা ও বিএনপির দুর্দিনের কান্ডারি। ৫ আগস্টের পর থেকে জামায়াতে ইসলামি ও এনসিপির পক্ষ থেকে একাত্তর ও মুক্তিযুদ্ধবিরোধী বক্তব্য আসতে থাকে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে ফজলুর রহমান এসব দেখে চুপ থাকতে পারেননি। এরপর থেকেই একটি স্বাধীনতাবিরোধী চক্র এবং এনসিপি তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়, বিভ্রান্তি ছড়ায় এবং অপপ্রচার চালায়। ষড়যন্ত্রের অংশ হিসেবেই তাকে এখন হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তারা অবিলম্বে এসবে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা হুঁশিয়ার করে বলেন, সরকার যদি এ বিষয়ে ব্যবস্থা না নেয়, তাহলে প্রয়োজন হলে ইটনা-মিঠামইন-অষ্টগ্রামের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ঢাকা অভিমুখে মার্চ করা হবে।
সমাবেশে বক্তব্য দেনÑ অষ্টগ্রাম উপজেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন সাফি, সাংগঠনিক সম্পাদক এসএম শাহীন, যুবদলের সভাপতি আনোয়ার হোসেন আনার, সাধারণ সম্পাদক আলী রহমান খান, ছাত্রদলের সাবেক সভাপতি এসএম জাভেদ, আহ্বায়ক তিতুমির হোসেন সোহেল, সদস্য সচিব আল মাহমুদ মোস্তাক প্রমুখ।
এদিকে ফজলুর রহমানের বাসার সামনে সংঘবদ্ধভাবে মব তৈরি করে ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংগঠনটির দাবিÑ রাষ্ট্র যদি নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় ব্যর্থ হয়, তবে তা শুধু সংবিধান লঙ্ঘন নয়, বরং বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গীকারকেও উপেক্ষা করার শামিল।