চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫ ১৭:২৩ পিএম
প্রবা ফটো।
চুয়াডাঙ্গা দর্শনা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। সেইসাথে দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি-৬ ব্যাটালিয়নের সদস্যরা। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৮ টার দিকে দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম ছয়ঘরিয়া থেকে তাদেরকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান। আটক হওয়া দুইজন হলেন একই ইউনিয়নের নাস্তিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে আব্দুল মমিন ও মৃত খোদা বক্সের ছেলে আবুল কালাম আজাদ।
বিজিবি ৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলী জাানান, বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি টহল দল। সকাল ৮টার দিকে ছয়ঘরিয়া গ্রামের রাস্তা দিয়ে দুইজন মোটরসাইকেলে ভারত সীমান্তের দিকে যাচ্ছিলো। বিজিবির টহল দল ওই মোটরসাইকেল চালককে থামানোর সংকেত দিলে চালক আরোহীকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি তাদের ধাওয়া করে আটক করে দেহ তল্লাশি করলে কোমরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮ টি স্বর্ণের বার জব্দ করা হয়।
তিনি আরোও জানান, জব্দ করা স্বর্ণের বারগুলোর ওজন ১ কেজি ১শত ৬২ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭২ লাখ ১৫ হাজার। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।