প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ আগস্ট ২০২২ ১৩:১৭ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২২ ১৪:০৪ পিএম
মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন চা শ্রমিকরা
দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন সিলেটের চা শ্রমিকরা। শনিবার সকাল থেকে সিলেট ভ্যালির ২৩টি চা বাগানের শ্রমিকরা এ ধর্মঘট শুরু করেন।
বর্তমানে শ্রমিকের দৈনিক মজুরি ১২০ টাকা। এটা বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে ৯ আগস্ট থেকে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করছিলেন তারা।
শনিবার সকালে স্থানীয় লাক্কাতুরা চা বাগানের সামনে সিলেট-বিমানবন্দর সড়কে মিছিল ও সমাবেশ করেন শ্রমিকরা। এ ছাড়া মালনিছড়া, খাদিমনগর, কেওয়াছড়া, জাফলং ও লালাখালসহ বিভিন্ন চা-বাগান এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা বলেন, গত ৩ আগস্ট আমরা চা বাগানের মালিকদের কাছে শ্রমিকদের মজুরি বাড়ানোর জন্য ১ সপ্তাহের সময় দিয়েছিলাম। কিন্তু তারা সে কথায় গুরুত্ব দেননি।
‘এর প্রতিবাদে ৯ আগস্ট থেকে সারা দেশের সব চা বাগানে দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করে যাচ্ছি। এরপরও মালিকপক্ষ দাবি মেনে না নেওয়ায় আমরা অনির্দিষ্টকালের ধর্মঘটে যেতে বাধ্য হয়েছি।’
চা শ্রমিকরা জানান, বাধ্য হয়েই তারা কর্মবিরতি পালন করছেন। দৈনিক ৩০০ টাকা মজুরি বৃদ্ধির দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
চা শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন এবং নিম্ন মজুরিতে তাদের সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে বলেও সমাবেশের বক্তব্যে উল্লেখ করেন শ্রমিক নেতা রাজু।
এ ছাড়া প্রতি দুই বছর অন্তর অন্তর চুক্তি নবায়ণ করার নিয়ম থাকলেও এবার তা বাস্তবায়নে বাগান কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
/প্রবা/এইচকে/ এসআর