ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫ ২৩:১৬ পিএম
প্রবা ফটো।
পাবনার ঈশ্বরদীতে প্রণোদনার মাধ্যমে কৃষকের কৃষি উৎপাদন বৃদ্ধি করতে বিনামূল্যে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সার-বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ সার-বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মমিনের সভাপতিত্বে বিনামূল্যে সার-বীজ বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি পূনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি সূবীর কুমার দাস।
জানা গেছে, টানা কয়েকদিনের ভারী বর্ষণে পদ্মার পানিতে ঈশ্বরদীর ১৪০০ হেক্টর জমির ফসল তলিয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন প্রান্তিক কৃষকরা। তাদের আবারো কৃষিতে উদ্বুদ্ধ করতে এবং ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে দিতে সরকারের প্রণোদনা হিসেবে এসব প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এ বীজ-সার বিতরণ করা হচ্ছে।
ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মমিন বলেন, বন্যা পরবর্তী সময়ে ঈশ্বরদীর ৩৬০ জন কৃষকদের মধ্যে বিনামুল্যে মাসকলাইয়ের বীজ ও সার বিতরণ করা হয়েছে। এতে তারা তাদের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উপজেলা কৃষি পূর্নবাসন বাস্তবায়ন কমিটির সভাপতি সূবীর কুমার দাস বলেন, ২০২৫-২৬ অর্থবছরে সরকারের যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার যে উদ্যেগ গ্রহণ করেছে তা প্রশংসনীয়। সরকারের দেওয়া যে প্রণোদনা এটা ব্যবহার করার অনুরোধ ও বাইরে বিক্রি না করার পরামর্শ দিচ্ছি। আমরা চেষ্টা করছি প্রকৃত কৃষকদের মাঝে এসব প্রণোদনা পৌঁছে দিতে।