নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫ ২২:৩৮ পিএম
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন প্রকৃত মেধাবী ও দেশপ্রেমিক নেতা, যিনি দেশের কৃষি উন্নয়নে কাজ করেছেন। অপরদিকে শেখ হাসিনা তার মেধাকে অপব্যবহার করে দেশকে দুর্নীতির পথে ঠেলে দিয়েছেন এবং কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন।
সোমবার (২৫ আগস্ট) বেলা ১১ টায় আলী আহাম্মদ চুনকা পাঠাগার ও মিলনায়তনে জিনিয়াস স্টুডেন্ট ফোরাম আয়োজিত এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহান। এসময় আমন্ত্রিত অতিথি ছাড়াও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ প্রমুখ।
বক্তারা বলেন, এই আয়োজনের মাধ্যমে প্রমাণিত হয়েছে মেধাবী ছাত্ররাই মেধাবীদের মর্যাদা দিতে পারে। তবে শুধু মেধাবী হলেই হবে না, একজন শিক্ষিত ও দায়িত্বশীল মেধাবী হতে হবে। এই মেধাবীরা একদিন রাজনৈতিক নেতা, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। পৃথিবীর সবচেয়ে বড় শক্তি কলম। এই কলম দিয়েই যেমন রাষ্ট্র পরিচালিত হয়, আবার অপব্যবহারের মাধ্যমে অর্থ পাচারও হয়।
অনুষ্ঠানের শেষে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।