বেনাপোল প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫ ২০:০১ পিএম
বেনাপোল স্থলবন্দর দিয়ে দীর্ঘ চার মাস পর আবারও ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। মোট ১৫টি ট্রাকে দুই চালানে ৫২৫ মেট্রিক টন মোটা চাল বন্দরের ৩১ নম্বর ইয়ার্ডে প্রবেশ করেছে।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন।
তিনি জানান, গত রবিবার রাত ৮টা পর্যন্ত ৬টি ট্রাকে ২১০ মেট্রিক টন, এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন চাল বন্দরে প্রবেশ করেছে।
আমদানিকারকরা জানান, দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকার ভারত থেকে মোটা চাল আমদানির উদ্যোগ নিয়েছে। চাল আমদানিতে দেশের বাজারে চালের দাম কমে আসবে।
আমদানিকারক প্রতিষ্ঠান হাজি মুসা করিম অ্যান্ড সন্স-এর স্বত্বাধিকারী আব্দুস সামাদ বলেন, গত বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত ১৫টি ট্রাকে ৫২৫ মেট্রিক টন মোটা চাল আমদানি করেছি। চালের এই চালান বন্দরে প্রবেশ করেছে। চাল ছাড়করণের জন্য আমদানিকারকের পক্ষে বেনাপোল কাস্টমস হাউসে প্রয়োজনীয় ডকুমেন্টস সাবমিট করেছে সিএন্ডএফ এজেন্ট মেসার্স ভূঁইয়া এন্টার প্রাইজ। আরও চালবোঝাই ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে।
সিঅ্যান্ডএফ অ্যাজেন্টের প্রতিনিধি বাবলুর রহমান জানান, চাল ছাড়করণের জন্য বেনাপোল কাস্টমস হাউসে প্রয়োজনীয় ডকুমেন্টস সাবমিট করেছি। সোমবার কাস্টমস ক্লিয়ারেন্সের মাধ্যমে চালগুলোর খালাস প্রক্রিয়া সম্পন্ন হবে।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক জানান, চার মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে বেনাপোল বন্দর দিয়ে আবারও ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। দুই চালানে মোট ৫২৫ মেট্রিক টন চাল আমদানি হয়েছে।
পরিচালক শামীম হোসেন বলেন, আমদানিকৃত চালের চালান দ্রুত ছাড়করণের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে, এই বন্দর দিয়ে চলতি বছরের ১৫ এপ্রিল সর্বশেষ চাল আমদানি হয়েছিল।