বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫ ১৯:৪৯ পিএম
অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার পর কোনো সাড়া না পেয়ে আবারও ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (২৫ আগস্ট) দুপুর আড়াইটা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তাদের যৌক্তিক দাবিগুলো উপেক্ষিত হচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলনের পরও ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। গতকাল (রবিবার) প্রতীকী অবরোধ করে ২৪ ঘণ্টার যে আল্টিমেটাম দেওয়া হয়েছিল, সেই সময়ের মধ্যে কর্তৃপক্ষের কাছ থেকে সাড়া না আসায় আজ (সোমবার) সড়ক অবরোধ করা হয়।
আন্দোলনরত শিক্ষার্থী মোহম্মদ রিপন বলেন, ‘আমাদের তিনটি দাবি নিয়ে আন্দোলন আজ ২৭তম দিনে পড়লো। গত ২৫ দিন ধরে আমরা ক্যাম্পাসের ভেতরে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে গেলেও ইউজিসি বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। তাই কঠোর কর্মসূচি হিসেবে আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি এবং আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।’
আরেক শিক্ষার্থী শর্মিলা জামান সেজুতি বলেন, ‘আমাদের দেশে রাস্তায় না নামলে ওপরমহলের কানে পানি যায় না। আমরা চাই, ইউজিসি কর্তৃপক্ষ আমাদের সঙ্গে এসে আলোচনা করে সমস্যার সমাধান করুক।’
এদিকে শিক্ষার্থীদের এই অবরোধের কারণে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।বহু মানুষকে হেঁটে নিজেদের গন্তব্যে পৌঁছাতে দেখা যায়।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো- অবকাঠামোগত উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংকট নিরসন। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে রবিবার ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যেটা আজ (সোমবার) দুপুর দুইটায় শেষ হয়।