গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫ ১৯:১১ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৫ ১৯:১৬ পিএম
গাজীপুরে আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। তবে এখনও উদ্ধার করা যায়নি সাংবাদিক তুহিনের ব্যবহৃত দুটি মোবাইল।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান জিএমপির অপরাধ উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রবিউল হাসান।
তিনি বলেন, ঘটনা তদন্তের পর হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে ৮ আসামির বিরুদ্ধে। তাদের নাম চার্জশিটে অন্তর্ভুক্ত করে আদালতে জমা দেওয়া হয়েছে।
চার্জশিটভুক্ত আসামিরা হলেন, কেটু মিজান ওরফে কোপা মিজান, তার স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি, রফিকুল ইসলাম, আল আমিন, সুমন, ফয়সাল, শাহজালাল ও শামীম হোসেন।
সংবাদ সম্মেলন শেষে প্রয়াত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের স্ত্রী বলেন, মূলত যে ভিডিও করাকে কেন্দ্র কেরে আমার স্বামীকে হত্যা করা হয়েছে সেই মোবাইল দুটি এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। যে ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, দ্রুত সময়ের মধ্যে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান, আসাদুজ্জামান তুহিনের পরিবারের সদস্য ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উল্লেখ্য, গত ৭ আগস্ট গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে। এ হত্যাকাণ্ডে সর্বমহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। চার্জশিট দাখিলের মধ্য দিয়ে মামলার বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।