কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫ ১১:২২ এএম
গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ভ্যানে থাকা মামুন মোল্যা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও দুইজন। রোববার (২৫ আগস্ট) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপতা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন মোল্যা কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামের আশরাফ মোল্লার ছেলে। আহতরা হলেন, একই ইউনিয়নের কামারোল গ্রামের ভ্যান চালক রোমান মোল্যা (৩২) ও তিলছড়া গ্রামের নাঈম মোল্যা (২৩)।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি ভ্যানে ঘাস বোঝাই করে তিনজনে নিজ বাড়ি তিলছড়া গ্রামে যাচ্ছিল। এ সময় পিছন দিক থেকে একটি গাড়ি ধাক্কা দিলে ভ্যানটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। এতে ভ্যানে থাকা তিনজন মারাত্মক আহত হন। পরের স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে মামুন মোল্লার অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
তিনি আরও বলেন, আমরা খবর শুনে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে। নিহত মামুনের মরদেহ পরিবার নিয়ে গেছে। এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।