রংপুর অফিস
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫ ০০:৪৩ এএম
প্রবা ফটো
নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে রংপুরে র্যালি ও সমাবেশ হয়েছে। নারী মুক্তি কেন্দ্রের আয়োজনে গতকাল রবিবার সকালে প্রেস ক্লাব প্রাঙ্গণে সমাবেশে সভাপতিত্ব করেন নারী মুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী।
এতে বক্তব্য দেন বাসদ জেলা আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা কমিটির সংগঠক প্রিয় রানীসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৯৫ সালের এই দিনে ১৪ বছরের কিশোরী ইয়াসমিনকে একদল পুলিশ সদস্য গণধর্ষণ করে নির্মমভাবে হত্যা করে। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে দিনাজপুরবাসী। প্রতিরোধের আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন ৭ আন্দোলনকারী। আন্দোলনের মুখে তিন পুলিশের ফাঁসি হয়। এর ৩০ বছর কেটে গেলেও এখনও নারীর নিরাপত্তা নিশ্চিত হয়নি। নারীরা এখনও সমাজে অবহেলিত, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, শোষণ ও নিপীড়নের শিকার।
বক্তারা আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীরা সম্মুখসারিতে থাকলেও অভ্যুত্থান-পরবর্তী তাদের দূরে ঠেলে দেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, নারীদেরই আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হয়েছে। এ সময় জুলাই হত্যাকণ্ডের বিচার, আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা, অপ-সংস্কৃতি, অশ্লীলতা, মাদক-জুয়া বন্ধ, নাটক-সিনেমা-বিজ্ঞাপনে নারীদেহের অশ্লীল উপস্থাপন বন্ধ, ইন্টারনেটে সকল পর্নো ওয়েবসাইট বন্ধ করা, শ্রমজীবী নারীদের সমমজুরি নিশ্চিত করা, সকল বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫ হাজার টাকা করাসহ ৯ দফা দাবি জানানো হয়। এর আগে একটি র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।