কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ ২২:১৪ পিএম
প্রতীকী ফটো
কুমিল্লার হোমনায় জমিজমা নিয়ে বিরোধের জেরে রফিকুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তিকে ছুরির আঘাতে হত্যা করা হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামের রাধা মন্দিরের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের ছনু মিয়ার ছেলে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে একটি ছোরাও উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয়রা ঘাতক আলেককে (৫০) আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, ঘাতক এবং নিহত রফিকুল ইসলাম সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই। দীর্ঘদিন তাদের মধ্যে ভিটি জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে পূর্বে নিজেদের মধ্যে সালিশ বৈঠক হয়েছিল। কিন্তু কোনো সুরাহা হয়নি।
নিহতের স্ত্রী রাশিদা বেগম তার স্বামী হত্যার বিচার দাবি করে জানান, জমি নিয়ে এর আগে দেবর ও তার ছেলেদের সঙ্গে অনেকবারই বিচার হয়েছে। কিন্তু তারা মানেনি। এ কারণেই তারা আমার স্বামীকে হত্যা করেছে।
রফিকুলের মেয়ের জামাতা বলেন, জমি নিয়ে বিরোধ চলছিল এবং আলেক বিভিন্ন সময়ে তার শ্বশুর রফিকুল ইসলামের কাছে টাকা পয়সা দাবি করত। জমিজমা ও টাকা না পেয়ে আলেক তার শ্বশুরকে পেটে ছুরি মেরে হত্যা করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, জমিজমা নিয়ে বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় অন্যদেরও প্ররোচনা ছিল। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।