হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ ২২:০১ পিএম
দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানিকৃত ব্লিচিং পাউডার বোঝাই বাংলা ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম এসে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সঠিক কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
রবিবার (২৪ আগস্ট) বিকাল ৪টার দিকে হিলি স্থলবন্দর অভ্যন্তরের ৩ নম্বর গুদামের সামনে বাংলা ট্রাকে ব্লিচিং পাউডার লোড করার সময় এ অগ্নিকাণ্ড ঘটে।
মা এন্টারপ্রাইজ নামের আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি আবুল বাসার বলেন, ‘আমরা ভারতের বিহার রাজ্য থেকে ৪০ টন ব্লিচিং পাউডার আমদানি করে বন্দরের ৩ নম্বর গুদামে রেখেছিলাম। সকাল থেকে তিনটি ট্রাকে সেগুলো বিক্রি করেছি। বিকালে আর একটি ট্রাকে শ্রমিকরা ব্লিচিং পাউডার লোড দেওয়ার সময় কীভাবে যে আগুন লেগেছে বলতে পারছি না। আমাদের আনুমানিক সাড়ে আট লাখ টাকা ক্ষতি হয়েছে।’
হিলি ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবুল কাশেম বলেন, ‘হিলি পোর্টে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এরপর বন্দরের ভেতরে এসে দেখি, ব্লিচিং পাউডারের ট্রাকে আগুন লেগেছে। আমরা এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছি। আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত সাপেক্ষে বলা যাবে।’