কালকিনি (মাদারীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ ১৭:১২ পিএম
মাদারীপুরের কালকিনিতে ৮ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা মামলায় মো. শাহ-আলম রাড়ী (৬০) নামে এক লম্পটকে গ্রেপ্তার করেছে কালকিনি থানা পুলিশ। গ্রেপ্তারকৃত শাহ আলম রাড়ী উপজেলার রমজানপুর ইউনিয়নের জজিরা গ্রামের আকবর রাড়ীর ছেলে।
রবিবার (২৪ আগস্ট) সকালে ওই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করেন।মামলা ও পুলিশ সুত্রে জানা গেছে, ওই শিশু শিক্ষার্থী জজিরা গ্রামের একটি দোকানের পাশে কয়েকজন শিশুর সাথে খেলাধুলা করতে থাকেন। এ সময় দোকান বন্ধ এবং লোকজন না থাকার সুযোগে লম্পট শাহ আলম ওই শিশুকে দোকানের আড়ালে নিয়ে গত সোমবার দুপুরে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি চিৎকার করলে লম্পট শাহ আলম দৌড়ে পালিয়ে যায়। এদিকে এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় বেশ কয়েকজন প্রভাবশালী মিলে মীমাংসার চেষ্টা করেন এবং সালিশে ওই শিশুটির পরিবারকে থানায় আসতে নিষেধ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি-ধমকি প্রদান করেন। ঘটনাটি কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা জানতে পেরে, ওই অসহায় পরিবারটিকে থানায় আসতে বলেন। পরে ওই অসহায় পরিবারটি লম্পট শাহ আলমের বিচার চেয়ে মামলা করতে চাইলে থানা পুলিশ মামলা নেন। পরে ওসি কে এম সোহেল রানার নির্দেশনায় অভিযান চালিয়ে থানা পুলিশ আসামি শাহ-আলম রাড়ীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন।
মামলার বাদী ও ওই শিশু শিক্ষর্থীর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টা চালায় শাহ আলম রাড়ী। আমরা অসহায় ও গরিব মানুষ, তাই আমার শিশু সন্তানকে ধর্ষণের চেষ্টা চালালেও স্থানীয় সালিশে আমরা ন্যায়বিচার পাইনি। বরং আমাকে থানায় না আসার জন্য বিভিন্ন ধরনে হুমকি-ধমকি প্রদান করেন আসামি পক্ষের লোকজন। তাই আমি শাহ আলমের নামে থানায় একটি মামলা দায়ের করেছি। আমি তার বিচার চাই। শাহ আলম এর আগেও বেশ কয়েকবার এ ধরনের ঘটনা ঘটিয়েছে।’
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার থানায় একটি মামলা হয়েছে এবং আসামি শাহ আলমকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।