কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ ১৭:০৮ পিএম
কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় মো. নাজমুল (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়।
রবিবার (২৪ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার ছয়ঘড়িয়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শরতনগর গ্রামের প্রয়াত সেকান্দার আলীর ছেলে। হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রবিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের ছয়ঘড়িয়া এলাকায় একটি মালবোঝাই কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই ট্রাকে থাকা ব্যবসায়ী নাজমুল নিহত হন। এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান উদ্ধার করে। তারপর থেকে ধীর গতিতে যান চলাচল শুরু করে। দুপুরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।