হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ ১৬:৩২ পিএম
দিনাজপুরে পেনশনের টাকা না পাওয়ায় সংবাদ সম্মেলন করেছেন বিরামপুর জনতা ব্যাংকের সাবেক জুনিয়র অফিসার আবু তাহের মণ্ডল। অভিযোগ করেন, অবসরের দীর্ঘ ১১ বছর পরও প্রাপ্য টাকা পাননি তিনি। রবিরাব (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় হাকিমপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি জানান, ২০১৪ সালের ৪ এপ্রিল তিনি চাকরি থেকে অবসর নেন। অবসরের ১৪ মাস পর তাকে চাকরি বিধিমালা না মানার অভিযোগে অভিযুক্ত করা হয়, যা মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেন তিনি।
এ ঘটনায় তিনি বগুড়া মোকাম প্রশাসনিক ট্রাইবুনালে মামলা দায়ের করেন। ২০১৭ সালের ২২ আগস্ট আদালত তার পক্ষে রায় দেন। পরে ব্যাংক কর্তৃপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করে। তবে আপিল ট্রাইবুনালও ২০১৮ সালের ৮ অক্টোবর আবারও তার পক্ষে রায় দেয়। তাতেও সন্তুষ্ট না হয়ে ব্যাংক কর্তৃপক্ষ পুনরায় আপিল করে।
তিনি জানান, ২০২২ সালের ডিসেম্বর মাসে তার পক্ষে শুনানি সম্পন্ন হলেও ব্যাংক কর্তৃপক্ষের পক্ষে এখনো শুনানি হয়নি। এতে দীর্ঘ ১১ বছর পেরিয়ে গেলেও তিনি সুবিচার থেকে বঞ্চিত হচ্ছেন। সংবাদ সম্মেলনে আবু তাহের মণ্ডল দ্রুত মামলা নিষ্পত্তি করে তার প্রাপ্য পেনশনের টাকা প্রদানের জোর দাবি জানান।