পাবনা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ ১১:৪৯ এএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫ ১১:৫০ এএম
পাবনা সদর উপজেলার গয়েশপুরে দুই পক্ষের মারামারিতে মেহেদী মাসুদ পাভেল মোল্লা (৪০) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সজিব মোল্লা ইমরান (২৫) নামে আরও একজন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে গয়েশপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মেহেদী মাসুদ পাভেল মোল্লা ইসলামপুর গ্রামের মৃত মুসলেম মাস্টারের ছেলে এবং গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আহত সজিব মোল্লা ইমরান একই এলাকার আব্দুর সবুর মোল্লার ছেলে। দুজন পরস্পর চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক কারবারি ও পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ জনি, জুয়েল, নজরুল, মফিজ উদ্দিন, ময়েজ উদ্দিন প্রামানিক, তৌফিক উদ্দিন, আশরাফ আলী, লিয়াকত ও দুলালদের সঙ্গে বিরোধ চলছিল। শনিবার রাত ১০টার দিকে ইসলামপুর ব্রিজের কাছে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে পাভেল ও ইমরানকে কুপিয়ে জখম করা হয়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরক্ত চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন। ইমরানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, পূর্ব বিরোধের জেরে আজকের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।