× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর্মস্থলে অনুপস্থিত, ২০ মাসে ৪৮ শিক্ষক চাকরিচ্যুত

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫ ১১:৩৭ এএম

কর্মস্থলে অনুপস্থিত, ২০ মাসে ৪৮ শিক্ষক চাকরিচ্যুত

মৌলভীবাজার জেলায় সরকারি প্রাথমিক শিক্ষার মান ও কার্যক্রমে বড় ধরনের সংকট সৃষ্টি হয়েছে। গত ২০ মাসের মধ্যে জেলার সাত উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৮ জন সহকারী শিক্ষক কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। এই শিক্ষকদের অধিকাংশই ছুটি নিয়ে বিদেশে গমন করেন এবং দীর্ঘ সময় ধরে কর্মস্থলে ফিরে আসেননি। ফলে শিক্ষার গুণগত মানের পাশাপাশি বিদ্যালয় পরিচালনাও দুর্বল হয়ে পড়েছে। আরও ৩৬ জন শিক্ষকের বিরুদ্ধে কর্মস্থল থেকে পলায়ন এবং অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন। এমন পরিস্থিতিতে মৌলভীবাজারে সরকারি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বড় ধাক্কা খাচ্ছে।

মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় ১ হাজার ৬১৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ হাজার ৫২টি আর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ৫৬৬টি। ১ হাজার ৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন ৭৭৬ জন। বাকি ২৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এছাড়া ওই ১ হাজার ৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের মঞ্জুরীকৃত পদ ৫ হাজার ৩৭৯টি। এর মধ্যে কর্মরত রয়েছেন ৫ হাজার ১৫৬ জন। শূন্য রয়েছে ২২৩টি। এমনিতেই শিক্ষকের পদ বেশিরভাগ শূন্য। এ পরিস্থিতিতে কয়েকজন শিক্ষক ছুটি নিয়ে কর্মস্থলে আর যোগদান না করায় জেলার শিক্ষা ব্যবস্থায় বিরূপ প্রভাব পড়ছে।

জানা যায়, জেলার কমলগঞ্জ উপজেলার পতনঊষার বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ সায়মা আজিজ, কাউয়ারগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমরজিৎ স্বর্ণকার, সতিঝিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নোভা নাওয়ার, কুলাউড়া উপজেলার মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত জেরিন, রাজনগর উপজেলার চাটুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাবেরী রানী দেব, মৌলভীবাজার সদর উপজেলার সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহমিদা ইসলাম, আগনসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্যামলী খানম প্রমুখ ছুটি নিয়ে প্রবাসে গিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন। তাদের অনুপস্থিতিতে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলো চরম সংকটে পড়েছে।

মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস খান বলেন, ‘আমার বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত জেরিন ২০২৪ সালের জানুয়ারি মাসে অসুস্থতার কারণ দেখিয়ে এক মাসের ছুটির আবেদন করেন। কর্তৃপক্ষ তার এক মাসের ছুটি মঞ্জুর করে। এরপর তিনি আর কর্মস্থলে যোগদান করেননি। পরে খোঁজ নিয়ে জানতে পারি তিনি স্থায়ীভাবে বসবাসের উদ্দেশে বিদেশে চলে গেছেন। ফলে তার অনুপস্থিতিতে আমার বিদ্যালয়ে একজন কম শিক্ষক নিয়েই কোনো রকম পাঠদান করাতে হচ্ছে।’

৪৮ জন সহকারী শিক্ষককে চাকরিচ্যুতির বিষয়ে মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলম বলেন, আমি ২০২৪ সালের ১৮ ডিসেম্বর এ জেলায় যোগদান করেছি। আমার পূর্বে ১৯ জন সহকারী শিক্ষককে কর্মস্থলে অনুপস্থিত থাকায় বা প্রবাসে চলে যাওয়ায় বরখাস্ত করা হয়েছিল। আর আমি আসার পর চলতি বছরের আগস্ট মাসের মাঝামাঝি পর্যন্ত ২৯ জনকে বরখাস্ত করেছি। গত বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৮ জন সহকারী শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। যে ৪৮ জনকে বরখাস্ত করা হয়েছে, তাদের বেশিরভাগই ছুটি নিয়ে বিদেশে চলে গেছেন। তারা আর তাদের চাকরিতে ফিরতে পারবেন না। জেলায় আরও কয়েকজনের বিরুদ্ধে কর্মস্থল থেকে পলায়ন ও অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা হয়েছে। তাদের ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা