বগুড়া অফিস
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ ২১:১৫ পিএম
প্রবা ফটো।
বগুড়ার শাজাহানপুর উপজেলায় প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। শনিবার (২৩ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত আমরুল খালের ব্রিজ থেকে রঙ্গিলা ঘাট পর্যন্ত বাঙালি নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রায় দেড় লক্ষাধিক টাকার ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল খালের ব্রিজ এলাকায় জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসানের নেতৃত্বে অভিযানে থানার এসআই রাসেল আহমেদ ও সঙ্গীয় ফোর্স, সাংবাদিকবৃন্দ, উপজেলা মৎস্য অফিসের কর্মচারী এবং স্থানীয় জনগণ সহযোগিতা করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান বলেন, প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।