পেকুয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ ২০:৫৫ পিএম
প্রবা ফটো।
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় প্রশাসনের উদ্যোগে পানি প্রতিবন্ধকতা সৃষ্টি করাসহ পরিবেশ রক্ষায় অবৈধ জাল অপসারণ কার্যক্রম পরিচালিত হয়েছে। শনিবার (২৩ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের সেন্টার সড়ক ব্রীজ সংলগ্ন এলাকার খালে এ অভিযান পরিচালনা করা হয়। এতে কৈয়ারবিল ইউনিয়ন ও লেমশীখালী ইউনিয়নের পিলটকাটা খালে প্রায় ৩টি মাছ ধরার ঘেরা উচ্ছেদ করা হয়।
অভিযানে ১৩ জন শ্রমিকের সহযোগিতায় ৫৩টি বাঁশ, ১০টি পলিথিন এবং ১৮টি বাঁশের ঘেরা-বেড়া জব্দ করে স্থানীয় জনগণের উপস্থিতিতে প্রকাশ্যে নিলাম দেন। কিন্তু নিলামে কেউ অংশগ্রহণ করেনি। এ অভিযানে নেতৃত্ব দেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা এবং সহযোগীতায় ছিলেন উপজেলা সহকারী (ভুমি) কমিশনার মোহাম্মদ সাদাত হোসেন, কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস, কুতুবদিয়া থানার ওসি মো. আরমান হোসেন, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শফিউল আলমসহ যৌথবাহিনির একটি দল।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা বলেন, পিলটকাটা খালে কোনো ধরণের অবৈধ দখল বা পানি প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। খালের জলবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।