চাটমোহর (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ ১৮:০২ পিএম
কৃষক দল নেতা মো. মমিন হোসেন।
পাবনার চাটমোহরে ভেজাল দুধ উৎপাদন ও সরবরাহের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা দেওয়ার পর এবার দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে উপজেলা কৃষক দল নেতা মো. মমিন হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) রাতে চাটমোহর উপজেলা কৃষক দলের আহ্বায়ক লিটন বিশ্বাস ও সদস্য সচিব আজাদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিলচলন ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মমিন হোসেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এর আগে ১৮ আগস্ট রাতে চাটমোহর উপজেলার নটাবাড়িয়া গ্রামে মমিন হোসেনের মালিকানাধীন দুধের মিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। এ সময় কারখানা থেকে ৭০০ লিটার ভেজাল দুধ, বিভিন্ন ধরনের ক্ষতিকর কেমিক্যাল, জেলি, ডিটারজেন্ট গুড়া, নিম্নমানের তেল, ব্লেন্ডার মেশিন, গ্যাস সিলিন্ডার ও গ্যাসের চুলা জব্দ করা হয়।
অভিযানকালে মিল মালিক মমিন হোসেন পালিয়ে গেলেও ২০ আগস্ট সকালে দ্বিতীয় দফা অভিযানে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী মমিন হোসেনকে ‘ভেজাল দুধ চক্রের মূলহোতা’ দাবি করে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।