নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ ১৭:৩৯ পিএম
হবিগঞ্জের নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি, বর্তমান কমিটির সদস্য সাবেক মেয়র আলহাজ ছাবির আহমেদ চৌধুরীর বিরুদ্ধে দলীয় নীতি ও সংগঠন পরিপন্থি অনৈতিক কার্যকলাপের অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করেছে বিএনপি। শুক্রবার (২২ আগস্ট) দলীয় প্যাডে দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
চিঠির অনুলিপি দেওয়া হয়েছে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকীকে। ছাবিরের পদ স্থগিতের খবরটি নবীগঞ্জে পৌঁছলে পৌর বিএনপির ত্যাগী ও তৃর্ণমুল নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস দেখা দেয়। শহরের বিভিন্ন পয়েন্টে মিষ্টি বিতরণ করা হয়। প্রথমেই সদ্য সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ চৌধুরী এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদকে মিষ্টিমুখ করানো হয়। পরে বিভিন্ন পয়েন্টে শুরু হয় উল্লাস ও মিষ্টি বিতরণ। একপর্যায়ে তৃণমূল নেতাকর্মীরা শহরে আনন্দ-মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, পৌর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য ছাবির আহমদ চৌধুরীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গসহ আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক কর্মকাণ্ডে না থাকার অভিযোগ এনে তার বিরুদ্ধে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে মঙ্গলবার (১৮ আগস্ট) একটি আবেদন করেন পৌর বিএনপির ৩ যুগ্ম আহ্বায়ক। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে অভিযোগপত্রটি গ্রহণ করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অভিযোগকারীরা অভিযোগের সঙ্গে তথ্য ও ডকুমেন্ট দাখিল করেন। অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে ছাবির আহমেদ চৌধুরীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।