× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী’ পুলিশ অফিসারকে মাদক পাচারে সম্পৃক্ততার অভিযোগে প্রত্যাহার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ ১৭:০২ পিএম

আপডেট : ২৩ আগস্ট ২০২৫ ১৭:০৯ পিএম

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর কাছ থেকে পুরস্কার নিচ্ছেন এসআই কামাল হোসেন (ডানে, লাল গোল চিহ্ন)।

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর কাছ থেকে পুরস্কার নিচ্ছেন এসআই কামাল হোসেন (ডানে, লাল গোল চিহ্ন)।

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে ৪৮ বোতল ফেনসিডিলসহ পুলিশের তিন সোর্স আটকের ঘটনায় অভিযুক্ত এসআই কামাল হোসেনকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খান বলেন, শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় অভিযুক্তকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে এবং প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসআই কামাল চলতি বছরের ২২ এপ্রিল চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর কাছ থেকে পুরস্কার পেয়েছিলেন।

গত বৃহস্পতিবার (২১ আগস্ট) মধ্য রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বাজার এলাকায় তিনজনকে ফেনসিডিল পাচারের সময় স্থানীয়রা আটক করে। পরে তাদের সেনাবাহিনীর হাতে সোপর্দ করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৮ বোতল ফেনসিডিল ও পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

আটকরা হলেন—উপজেলার আমিরাবাদ ৭ নম্বর ওয়ার্ডের সুখছড়ি এলাকার রমিজ উদ্দিন, লোহাগাড়া সদরের হোসেন আলী মাতব্বর বাড়ির নাজিম উদ্দিন এবং মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার তাজুল ইসলাম।

এদের মধ্যে রমিজ উদ্দিনের দাবি, তারা তিনজন পুলিশের সোর্স। এসআই কামাল তাদের জব্দকৃত ফেনসিডিলগুলো দিয়েছেন। এসব ফেনসিডিল পাশের পার্বত্য লামা উপজেলার আজিজ নগরে নিয়ে যাওয়ার জন্য বলেছিলেন পুলিশের ওই কর্মকর্তা।

তিনি আরও জানান, এসআই কামাল তাদের পেছনের একটি প্রাইভেটকারে ছিলেন। ওই গাড়ীর পেছনে ইয়াবা ছিল বলেও দাবি করেন আটক হওয়া ব্যক্তিরা। সামনের গাড়ি আটকের সঙ্গে সঙ্গে তিনি পেছনের গাড়ি থেকে পালিয়ে যান বলে দাবি আটক সোর্সদের।


স্থানীয় প্রত্যক্ষদর্শী ছাত্র-জনতা জানায়, লোহাগড়ার থানা পুলিশের সদস্যরা মাদকদ্রব্য উদ্ধার করলেও তা আদালতে জমা না দিয়ে পাচার করে এমন অভিযোগ তারা আগেও শুনেছেন।

বৃহস্পতিবার তারা জানতে পারেন, এসআই কামাল হোসেন তার ব্যক্তিগত সোর্সদের ব্যবহার করে লোহাগাড়া থানা এলাকা থেকে মাদক কক্সবাজারে পাচার করবেন। এরপর চট্টগ্রাম দক্ষিণ জেলার শিক্ষার্থীদের বিষয়টি যাচাই করতে অনুরোধ জানানো হয়। বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা চুনতি বাজার এলাকায় অবস্থান করে ছাত্ররা এসআই কামালের সোর্সদের মাদকসহ (ফেনসিডিল) আটক করতে সক্ষম হন।

ওই ঘটনার পর লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রবিউল ইসলাম বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আটকদের আদালতে পাঠানো হবে এবং এসআই কামালের ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা