ভোলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ ১৬:০২ পিএম
ভোলার দৌলতখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভির স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন লিটন ও ক্যামেরা পার্সন উৎপল দেবনাথের উপর বিএনপির নেতা-কর্মীদের হামলা ও ক্যামেরা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে ভোলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গতকাল শুক্রবার দুপুর পৌনে ৩ টার দিকে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের একটি অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গেলে বিএনপি নেতা কাজি রাসেল বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ৫০ জন নেতা-কর্মী জড়ো করে সময় টিভির রিপোর্টার ও ক্যামেরাম্যানকে অবরুদ্ধ করেন। এসময় সাংবাদিকদের উপর হামলা, মারধর ও ক্যামেরা ভাংচুর করা হয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত সময়ের মধ্যে জড়িত কাজি রাসেল ও তার বাহিনীর সদস্যদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক ও দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকত হোসেন, ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি নজরুল ইসলাম অনু, কালবেলার প্রতিনিধি ওমর ফারুক, সময় টিভি স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন লিটন, চ্যানেল আই প্রতিনিধি হারুন অর রশিদ, বাসস প্রতিনিধি আল আমিন শাহরিয়ার প্রমুখ।