ফেনী প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ ১৩:৫৫ পিএম
শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে টানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে ফেনী ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্যদের অংশগ্রহণে জরুরি অনলাইন সভা শুক্রবার (২১ আগস্ট) রাতে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসির উদ্দিন আহমেদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সভায় শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ফেনী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম জামালউদ্দিন আহমেদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের জন্য একজন অভিজ্ঞ ও যোগ্য ভাইস চ্যান্সেলর নিয়োগে জাতীয় পর্যায়ের বহুল প্রচারিত দৈনিক-এ বিজ্ঞাপন প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার সর্বশেষ অগ্রগতি ও শিক্ষার্থীদের অন্যান্য দাবির বিষয়ে সরাসরি আলোচনা করার উদ্দেশ্যে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানসহ অন্য সদস্যরা অতিশিগগিরই ফেনী ইউনিভার্সিটি ক্যাম্পাসে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।
ফেনী ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. তাবারক উল্লাহ চৌধুরী বায়েজিদ জানান, ফেনী ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে ধৈর্য সহকারে আন্তরিক সহযোগিতার আহ্বান জানান। কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সকল সমস্যা সমাধানে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্রসঙ্গত; ভিসি’র পদত্যাগ, স্থায়ী ক্যাম্পাসসহ নানা দাবিতে ফেনী ইউনিভার্সিটি শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে টানা আন্দোলন করে আসছে।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- স্থায়ী ক্যাম্পাস, ট্রান্সপোর্টের জন্য বাসসার্ভিস, ইউনিভার্সিটির জন্য যোগ্য, আন্তরিক ও দায়িত্বশীল ভিসি, রাজনীতি মুক্ত ক্যাম্পাস, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ,
বিওটি চেয়ারম্যান পরিবর্তন করে আন্তরিক ও দায়িত্বশীল কাউকে নিয়োগ দেওয়া।
এর আগে, গত বছর ১৩ আগস্ট শিক্ষার্থীরা ইউনিভার্সিটির উন্নয়নে ১৫ দফা দাবি পেশ করেছিল। কর্তৃপক্ষ দাবি মানার আশ্বাস দিলেও বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থীরা ২১ অক্টোবর ক্লাস ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি শুরু করে। এতে পুরো ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়। পরবর্তী সময়ে আবারও আশ্বাস দেওয়া হলেও বাস্তবে পরিবর্তন হয়নি। সর্বশেষ ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা দাবি আদায়ের লক্ষ্যে পুনরায় অবস্থান কর্মসূচি পালন করে। চলতি মাসের ১৮ আগস্ট শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ইউনিভার্সিটির শাটডাউনের ঘোষণা দিয়ে তালা ঝুলিয়ে দেয়।