মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ ১৩:৩০ পিএম
কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী অফিসার ইউএনওর বাসভবনে হামলা ও হত্যা চেষ্টা মামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন (৩০) কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
শনিবার (২৩ আগস্ট) সকালে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২২ আগস্ট) রাত দেড়টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়া বনানী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত ১৩ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে ইটনা উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে শতাধিক লোকজন হামলা চালায়। এ সময় বাসভবনের গেট ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ সময় দায়িত্বে থাকা আনসার সদস্যদের ওপরও হামলা চালিয়ে মারাত্মক জখম করে হামলাকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও হামলা চালানো হয়।
এছাড়া আনসার সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়। পরে এদিন রাতেই মফিজুল ইসলাম নামে এক আনসার সদস্য বাদী হয়ে ইটনা থানায় ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার পর র্যাব তদন্ত শুরু করে এবং আসামিদের ধরতে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়া বনানী মোড় এলাকায় অভিযান চালিয়ে মামলার ৪ নম্বর আসামি আজাদুর রহমান সুজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪ (সিপিসি-২) কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক (সিও) স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামি আজাদুর রহমান সুজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।