× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূমি অধিগ্রহণ জটিলতা কলাতলা-নিলখী সেতু নির্মাণ অনিশ্চিত

শিবচর (মাদারীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ ১২:৩৮ পিএম

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের ওপর কলাতলা-নিলখী সেতুর নির্মাণকাজ থমকে আছে। প্রবা ফটো

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের ওপর কলাতলা-নিলখী সেতুর নির্মাণকাজ থমকে আছে। প্রবা ফটো

ভূমি অধিগ্রহণ জটিলতায় মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের ওপর কলাতলা-নিলখী সেতুর নির্মাণকাজ শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সেতুর ৩৫ শতাংশ কাজ সম্পন্ন হলেও জমি অধিগ্রহণের টাকা পাননি বলে অভিযোগ স্থানীয় জমির মালিকদের। তাই সেতুর চরকামার কান্দি প্রান্তের কাজ বন্ধ করে দিয়েছেন তারা। তবে অপর প্রান্তে কাজ চলমান। এই পরিস্থিতিতে জমির ন্যায্য ক্ষতিপূরণ দাবি করেছেন তারা। এদিকে দ্রুত সমস্যার সমাধান না হলে কাঙ্ক্ষিত সময়ে সেতুর নির্মাণকাজ সম্পন্ন হওয়া নিয়ে সংশয় থেকে যাচ্ছে। এতে এই অঞ্চলে জনদুর্ভোগের আশঙ্কা করা যাচ্ছে।

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে ৯৮ কোটি টাকা ব্যয়ে ৬৭০ মিটার দীর্ঘ ও ৯.৮৩ মিটার প্রস্থের এই সেতুর নির্মাণকাজ শুরু হয় ২০২৩ সালের ১ অক্টোবর। ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা। নির্মাণাধীন সেতুটি আড়িয়াল খাঁ নদের দুই প্রান্তে কলাতলা ও নিলখীকে সংযুক্ত করবে, যা এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে। সেতুটি নির্মিত হলে মাদারীপুর জেলার শিবচর ও রাজৈর উপজেলার মধ্যে যোগাযোগ সহজ হবে। 

স্থানীয়দের মতে, এ সেতু নির্মাণের ফলে রাজৈর, টেকেরহাট বন্দর এবং গোপালগঞ্জের মকসুদপুর থেকে শিবচরে প্রবেশের পথ প্রায় ৫০ কিলোমিটার কমে আসবে।

সেতু নির্মাণের বিষয়ে জানতে চাইলে এলজিইডির প্রকৌশলী কেএম রেজাউল করিম জানান, সেতুর কাজ দ্রুতগতিতে চলছে। আপাতত একপাশের কাজ বন্ধ থাকলেও নদের অপর পাশে চলমান। ভূমি অধিগ্রহণের বিষয়ে তিনি বলেন, ভূমি অধিগ্রহণের বিষয়টি আমরা বলতে পারব না। আমরা প্রয়োজনীয় কাগজপত্র জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠিয়ে দিয়েছি। জমি অধিগ্রহণের জটিলতার বিষয়টি জেলা প্রশাসকের কার্যালয়ই বলতে পারবে।

এই বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, সংশয়ের কিছুই নেই। আমরা প্রতিনিয়তই কাজ করছি। ওখানে (আড়িয়াল খাঁ নদের সেতু প্রান্তে) কিছু জায়গা নদীর রয়েছে, যে কারণে অধিগ্রহণের কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। আমরা কাগজপত্র ভূমি মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেখান থেকে সিদ্ধান্ত এলেই অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা শেষ করে স্থানীয়দের নিয়ে বিষয়টি সমাধান করব। ক্ষতিগ্রস্ত সকলেই ক্ষতিপূরণ পাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা