প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫ ০৯:৫০ এএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৫ ০৯:৫৩ এএম
ফাইল ফটো
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকার একটি বাসায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ নয়জন দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দগ্ধরা হলেন— আসমা বেগম (৩৫), তানজিল ইসলাম (৪০), তিশা (১৭), আরাফাত (১৫), মোহাম্মদ হাসান (৩৫), মুনতাহা (১১), জান্নাত (৪), ইমাম উদ্দিন (১ মাস) ও সালমা বেগম (৩২)। সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে দগ্ধ অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়।
তাদের নিয়ে আসা রাকিবুল ইসলাম জানান, রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ গ্যাস পাইপলাইন থেকে বিস্ফোরণ ঘটলে পরিবারের সবাই দগ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, দগ্ধদের মধ্যে আসমা বেগম, তানজিল ইসলাম, তিশা ও আরাফাত একই পরিবারের। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর থানার চকগদ্দর গ্রামে। বর্তমানে তারা সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় বসবাস করতেন। অন্যদিকে, মোহাম্মদ হাসান, তার স্ত্রী সালমা বেগম, সন্তান মুনতাহা, জান্নাত ও শিশু ইমাম উদ্দিনও একই পরিবারের। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার যৌউদা গ্রামে। হাসান পেশায় দিনমজুর এবং আসমা বেগম পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে—হাসানের শরীরের ৪৪ শতাংশ, জান্নাতের ৪০ শতাংশ, মুনতাহার ৩৭ শতাংশ, সালমার ৪৮ শতাংশ, শিশু ইমামের ৩০ শতাংশ, আরাফাতের ১৫ শতাংশ, তিশার ৫৩ শতাংশ এবং আসমার ৪৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। তবে তানজিল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।