ময়মনসিংহ অফিস
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫ ২০:৩৭ পিএম
ময়মনসিংহের তারাকান্দায় একটি মিল থেকে অবৈধভাবে মজুত রাখা ২৫ টনের বেশি সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় একজনকে আটক করছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কলেজ রোডের মেসার্স সামিয়া অটো রাইস মিল থেকে চালগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাতে বিপুল সরকারি চাল মজুত করে রাখার তথ্য পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় মিলের সামনে একটি ট্রলি ও একটি ট্রাকে সরকারি চাল পাওয়া যায়। পরে ট্রলি চালককে আটক করে মিলের দরজা ভেঙে ভেতরে থেকে চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের লেখা চাল পাওয়া যায়।
সব মিলিয়ে ২৫ টনের বেশি সরকারি চাল উদ্ধার করা হয়। এ সময় মিল থেকে বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা ছাড়াও একটি ট্রলি, একটি ট্রাক, তিনটি অটোরিকশা ও বস্তা সেলাইয়ের একটি মেশিন জব্দ করা হয়েছে।
এ বিষয়ে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই মিল থেকে চালগুলা জব্দ করা হয়। এখানে কীভাবে এই চালগুলো এলো, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।